১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ডিএসসিসি

মাঠে কাজ করছে ৯১টি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ভারি বৃষ্টি হচ্ছে রাজধানীতে, তাতে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে তাদের ৯১টি দল মাঠ পর্যায়ে কাজ করছে, যার প্রতিটি দলে পাঁচজন করে কর্মী আছেন।

আবু নাছের বলেন, “কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে সম্মানিত নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ করা হচ্ছে। নগরবাসীর এ সংক্রান্ত ফোন পেলে করপোরেশন হতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডিএসসিসির এ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত দলগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৮০টি এবং প্রকৌশল বিভাগের ১১টি দল আছে।

“বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রতিটি ওয়ার্ড একটি করে এবং কয়েকটি ওয়ার্ডে ২/৩টি করে দল কাজ করছে। পাশাপাশি করপোরেশনের ১০টি অঞ্চলে প্রকৌশল বিভাগ হতে ১১টি দল কাজ করছে।”

আবু নাছের বলেন, “অনেক জায়গায় নর্দমাগুলোর ক্যাচপিটে (সড়ক থেকে নর্দমায় পানি প্রবেশের পথ) পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্যাদির জন্য পানি প্রবাহ স্বাভাবিক হতে পারছে না। সেজন্য ঢাকাবাসীকে যত্রতত্র বর্জ্য না ফেলতে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।”