যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন: আইনজীবীর জেল-জরিমানা
২০১৩ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন দণ্ডিত আইনজীবীর স্ত্রী
যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের দায়ে একজন আইনজীবীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ মঙ্গলবার নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আইনজীবীর নাম মো. মনিরুল ইসলাম আকাশ। ২০১৩ সালে ঢাকার হাকিম আদালতে তার বিরুদ্ধে এ মামলা করেন তার স্ত্রী ফাহিমা বেগম লিজা।
সেই মামলার আরজিতে বলা হয়, আকাশ আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে ‘মিথ্যা প্রলোভন’ দেখিয়ে বাদীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।
“বিয়ের কিছুদিন পর ২০১৩ সালের ১৪ মার্চ আকাশ বাদীর কাছে বাড়ি মেরামতের জন্য ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী সরল বিশ্বাসে নিজের গয়না বিক্রি করে ও সঞ্চিত অর্থ থেকে ৪ লাখ টাকা আসামিকে দেন।
“কিছুদিন পর আসামি আবার বাদীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। তখন বাদী অর্থ দিতে অপারগতা জানালে প্রায় প্রতি রাতেই তাকে যৌতুকের জন্য মারধর করতেন আসামি।”
মামলায় বলা হয়, ২০১৩ সালের ২৬ মে রাত ১০টার দিকে আসামি বাদীর বাসায় গিয়ে যৌতুকের টাকা দাবি করেন এবং টাকা দিতে না পারলে বাদীকে ‘ডিভোর্স দেওয়ার হুমকি দেন’।
বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, “মূলত অর্থের লোভেই লিজাকে বিয়ে করেছিলেন আকাশ। ২০১৩ সালে এ মামলা হয়। দীর্ঘ ৯ বছর পর রায় পেলেন বাদী। আসামি বাদীকে হয়রানি করার জন্য এ পর্যন্ত তার বিরুদ্ধে ১০টি মামলা করেছেন।”
