২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে নিউ জিল্যান্ড দূতের পরিচয়পত্র পেশ

নিউ জিল্যান্ডের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:54 PM

Updated : 05 Sep 2022, 09:54 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউ জিল্যান্ডের নতুন হাই কমিশনার ডেভিড গ্রেগরি পাইন।

সোমবার বিকালে নতুন অনাবাসিক এই দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দিকের দেশ নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক ক্রমান্বয়ে বহু মাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

“বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য নিউ জিল্যান্ডের প্রতি ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।”

এ সময় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য নিউ জিল্যান্ডের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ওষুধ, সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। নিউ জিল্যান্ড বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

নিউ জিল্যান্ডের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।