১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসী কর্মীদের বেতন-ভাতা নিয়মিত করতে পদক্ষেপ চায় সংসদীয় কমিটি

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 05:00 PM

Updated : 26 Jan 2024, 05:00 PM

প্রবাসী কর্মীরা যাতে বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি এবং বেতন-ভাতা নিয়মিত পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। 

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

সংসদ ভবনে কমিটির এই বৈঠকে আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে মন্ত্রী ইমরান আহমেদ এবং এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও আয়েশা ফেরদাউস অংশ নেন। 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাদের স্মার্ট কার্ডের সাথে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে। 

প্রবাসী কর্মীরা যাতে বিদেশে যাওয়ার পরবর্তী মাসেই বেতন ভাতা পান সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। 

এছাড়া দক্ষ কর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করার ব্যবস্থা নিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে বলা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিভিন্ন সংস্থা প্রধানসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)