ফিলিস্তিনিদের ওপর হামলায় ২৮ নাগরিকের উদ্বেগ
“আমরা মনে করি, নিরীহ জনসাধারণের উপর নিপীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞ মানবাধিকারের চরম লঙ্ঘন,” বলা হয়েছে বিবৃতিতে।
অবরুদ্ধ গাজা এলাকায় ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা রামেন্দু মজুমদারসহ দেশের ২৮ জন বিশিষ্ট নাগরিক।
রোববার সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “অবরুদ্ধ এলাকায় উপর্যুপরি অত্যাধুনিক সশস্ত্র আক্রমণের শিকার হচ্ছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। বিদ্যুৎ, পানিসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ বন্ধ করার ফলে মানবিক বিপর্যয় চরম পর্যায়ে উপনীত হয়েছে। আমরা মনে করি, নিরীহ জনসাধারণের উপর নিপীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞ মানবাধিকারের চরম লঙ্ঘন।
“ফিলিস্তিনবাসীদের আপন বাসভূমি থেকে উত্খাত করে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করা হয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে হত্যা ও নির্যাতনের শিকার অধিবাসীরা নিজ ভূখণ্ডে উদ্বাস্তু জীবন যাপন করে চলেছে। সমগ্র ভূখণ্ড থেকে সরে এসে মাত্র একটি করিডোর নির্ভর গাজা এলাকায় বসবাস করতে বাধ্য করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল নতুন বসতি স্থাপনে লিপ্ত রয়েছে। দুর্ভাগ্যবশত ইসরায়েল এই সকল অপকর্মে পশ্চিমা শক্তির সামরিক, বেসামরিক ও তথ্য মাধ্যমের সর্বাত্মক সহযোগিতা লাভ করে চলেছে।
“আমরা সকল ধরনের হত্যাকাণ্ডের বিরোধিতা করি। আমাদের ধারণা, দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে পার্শ্ববর্তী আরবদেশসহ বিশ্ববাসীর নীরব ভূমিকা ফিলিস্তিনি যোদ্ধাদের সশস্ত্র যুদ্ধে উদ্বুদ্ধ করেছে। তা সত্ত্বেও হামাস বাহিনীর অতর্কিত ইসরায়েলে বেসামরিক নাগরিক, স্থাপনায় ও বিভিন্ন দেশের লোকজনের উপর আক্রমাণ অনভিপ্রেত।”
বিবৃতিদাতারা বলছেন, “বর্তমান অসহনীয় পরিস্থিতি সাম্প্রতিক ঘটনাবলি নয়, বরং সামগ্রিক বঞ্চনার ধারাবাহিকতার প্রতিরোধ রূপে বিবেচনা করা সমীচীন। তার বিপরীতে ইসরায়েল সরকার যে অমানবিক কার্যকলাপে লিপ্ত হয়েছে, তা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই মনবিক বিপর্যয়ের অবসান চাই। আমাদের একান্ত কামনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান।”
বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, সংগঠনটির সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব নুর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বিএমএর সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ, ড. জোবাইদা নাসরীন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী তবারক হোসাইন, অ্যাডভোকেট পারভেজ হাসেম, জাতীয় শ্রমিক জোটের কার্যকারী সভাপতি আব্দুল ওয়াহেদ, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল কবির।
এছাড়া সমাজকর্মী ড. সেলু বাসিত, ডা. অসিত বরণ রায়, সংস্কৃতি মঞ্চের আহ্বায়ক সেলিম রেজা, উঠোনের সভাপতি অলক দাশগুপ্ত, আনন্দনের প্রধান সংগঠক একে আজাদ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য দীপায়ন খীসা, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি গৌতম শীল আছেন বিবৃতিদাতাদের মধ্যে।
