২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ ৭ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ

দেশে কী পরিমাণ এই টেস্টিং স্ট্রিপ আছে তা ১৫ দিনের মধ্যে জানাতে ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 06:36 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বাজারে থাকা ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেডের আমদানি করা নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপ সাত দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেয়।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘বাজারে নকল মোড়কে ডায়াবেটিসের স্ট্রিপ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান জার্মানি থেকে এসব টেস্টিং স্ট্রিপ আমদানি করে। 

আদালতে অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ২০২২ সালের পর জার্মানির ওই কোম্পানি বাংলাদেশে টেস্টিং স্ট্রিপ পাঠায়নি বলে স্বীকার করেছে। এমন একটি মেইল তারা পাঠিয়েছে। অথচ ২০২৩ সালের ওষুধ এখন বাজারে পাওয়া যাচ্ছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাইরের ঝামেলা এড়াতে বাসাবাড়িতে সরঞ্জাম রেখে অনেকেই ডায়াবেটিস মাপার কাজটি সারেন। এ জন্য একটি টেস্টিং স্ট্রিপ ব্যবহার করা হয়। 

এই স্ট্রিপ অবৈধভাবে এনে বিদেশের নামি প্রতিষ্ঠানের মোড়কে দেশের বাজারে ছাড়ছে একটি প্রতিষ্ঠান। আর এই মোড়ক প্রিন্ট করা হয় রাজধানীতেই। শুধু মোড়ক নয়, স্ট্রিপগুলোও দেশে তৈরি হচ্ছে কিনা সেটিও কেউ জানে না। এমন ভয়াবহ প্রতারণার প্রমাণ মিলেছে ফার্মা সলিউশন নামে একটি দেশিয় কোম্পানির বিরুদ্ধে।

জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই টেস্টিং স্ট্রিপ সাত দিনের মধ্যে ধ্বংস করতে ফার্মা সল্যুশন বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দিয়েছেন আদালত। 

“একই সঙ্গে স্ট্রিপটি বাজারে কী পরিমাণ আছে তার হিসাবে ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়। এ স্ট্রিপ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মাকেও ১৫ দিনের মধ্যে হিসাব দিতে বলেছে আদালত।”