২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যু

ব্রেইন স্ট্রোক হওয়ায় গত ৯ অক্টোবর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 11:54 AM

Updated : 21 Oct 2023, 12:49 PM

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী আর নেই।

তার ছোট ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল জানান, গত ৯ অক্টোবর তার বাবা ব্রেইন স্ট্রোক করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।”

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

এএফএম ফখরুল ইসলাম মুন্সী ১৯৮৫ সালে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হন। একই সময় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হন।

১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের নৌ-উপমন্ত্রী এবং অর্থ উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরিবারের সদস্যরা জানান, মরহুমের প্রথম জানাজা দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠে, বাদ আসর সংসদ ভবন প্লাজায়, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদ জানাজা শেষে বনানীতে তাকে দাফন করা হবে।