০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শর্তসাপেক্ষে অবরুদ্ধ বিও হিসাব সচলের সিদ্ধান্ত বিএসইসির

কতজনের বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তা এখনো নির্ধারণ হয়নি, বলেন কমিশনের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 12:34 AM

Updated : 04 Nov 2026, 12:34 AM

দুর্নীতির, শেয়ার কারসাজি ও কেলেঙ্কারির অভিযোগে অন্তর্বর্তী সরকারের সময়ে অবরুদ্ধ করে রাখা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স-বিও হিসাব সচল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শর্ত জুড়ে দিয়ে প্রথম ধাপে ব্যক্তি পর্যায়ের কিছু বিও হিসাবের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার বিএসইসির এক সভায় এমন সিদ্ধান্ত হয় জানিয়ে কমিশনের মুখপাত্র আবুল কালাম বলেন, কতজনের বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সেই সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কমিশনের সিদ্ধান্ত হয়েছে ব্যক্তি পর্যায়ের কিছু বিও হিসাবের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, শর্ত হচ্ছে-এসব বিও হিসাব থেকে শুধু শেয়ার লেনদেন বা কেনা-বেচা করা যাবে। কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করার সুযোগ থাকবে না “

বিএসইসি মুখপাত্র বলেন, “লিংক হিসাব বা অন্য কোনোভাবে শেয়ারও স্থানান্তর করা যাবে না। মার্জিন ঋণ থাকলে তা সমন্বয় করার সুযোগ থাকবে।”

ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বিএসইসি।

অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজারে শেয়ার কেলেঙ্কারি ও কারসাজির অভিযোগে ছয় শতাধিক বিও হিসাব অবরুদ্ধ করে বিএসইসি।

বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক), গোয়েন্দা সংস্থার চিঠি, আদালতের নির্দেশ, বিএসইসির নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের এসব বিও হিসাব অবরুদ্ধ করা হয়।