২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুদকের আবেদনে এ আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 06:38 PM

Updated : 29 Oct 2026, 06:38 PM

দুর্নীতির অভিযোগ থাকায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের নামে থাকা ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানান দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

দুদকের তরফে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন তার স্বামী ছলিম উদ্দীন তরফদারের সহায়তায় ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেন। আসামিরা তাদের অ্যাকাউন্টের অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। মামলা নিষ্পত্তির আগে এসব অর্থ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে।