২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসযজ্ঞ দেখে ‘স্তম্ভিত’ হয়েছেন কূটনীতিকরা: পররাষ্ট্রমন্ত্রী

২৩টি দেশের মিশনপ্রধানসহ মোট ৪৯ জন কূটনীতিক মেট্রোরেলের স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বিটিভি পরিদর্শন করেন।

ধ্বংসযজ্ঞ দেখে ‘স্তম্ভিত’ হয়েছেন কূটনীতিকরা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 12:58 AM

Updated : 26 Aug 2026, 10:05 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশনসহ চার স্থানে ধ্বংসযজ্ঞ দেখে ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা ‘স্তম্ভিত’ হয়ে গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার কূটনীতিকদের কয়েকটি এলাকা ঘুরিয়ে দেখানোর পর সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, “তারা স্বচক্ষে দেখার পর স্তম্ভিত হয়ে গেছেন, নিজেরাই স্তম্ভিত। বিটিভিতে এ রকম ধ্বংসযজ্ঞ, প্রতি জায়গায় এই রকম ধ্বংসযজ্ঞ, আমাদের কল্পনারও বাইরে ছিল।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৩টি দেশের মিশনপ্রধানসহ মোট ৪৯ জন কূটনীতিক মেট্রোরেলের স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বিটিভি পরিদর্শন করেন। 

হাছান মাহমুদ বলেন, “বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকে বলেছেন, দিস ইজ শেইম। অনেকে আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, ‘আমরা তোমাদের সাথে আছি। এটা তোমাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা তোমাদের সাথে আছি’।”

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নোট কূটনীতিকরা মেনে চলেছেন জানিয়ে তিনি বলেন, “আমরা নোট পাঠিয়েছিলাম, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে কূটনীতিকরা যেন গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠান। রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং তারা সেটি মেনে চলেছেন।

“আজকে সে কারণে আমি গণমাধ্যমের ভাইবোনদের সেখানে ডাকিনি। তারপরও কয়েকটি ক্যামেরা ছিল, আপনারা তাদের কাছ থেকে ফুটেজ নিয়ে নিতে পারেন। তারাও সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। তারা এ পর্যন্ত সেটি মেনে চলেছেন।”

আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভ দেখাতে গিয়ে আরব আমিরাত ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের গ্রেপ্তার ও সাজার মুখে পড়ার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, লস এঞ্জেলস বাংলাদেশ মিশনসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভে পাকিস্তানিরাও জড়িত ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে রাষ্ট্র আক্রান্ত এবং বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। এবং সেখানে স্বাধীনতা বিরোধী, বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে, আমাদের কাছে তথ্যপ্রমাণ আছে।”

সহিংসতার ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার কোনো ব্যর্থতা আছে কি না বা বিষয়টি সরকার তদন্ত করবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এখানে সেনাবাহিনীর সাথে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে। কাজ করে আজকে শান্তি স্থাপিত হয়েছে এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যথেষ্ট চেষ্টা করেছে।

“আমি বিটিভিতে গিয়ে জিজ্ঞেস করেছি, কীভাবে তারা ঢুকল। তখন তারা বলেছে, সেদিন পুলিশের গুলি করার কোনো অর্ডার ছিল না। পুলিশ আক্রান্ত হয়েছে। কিন্তু গুলি ছোড়েনি। পুলিশ ছিল কিন্তু তাদের উপর গুলি ছোড়ার কোনো আদেশ ছিল না, অনুমতি ছিল না। সেদিন হয়ত গুলি ছোড়ার অনুমতি থাকলে বিটিভি জ্বলত না। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর এখানে যুক্ত।”

‘জাতিসংঘের বাহন ব্যবহার হচ্ছে না’

সহিংসতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সময় জাতিসংঘের লোগো সংবলিত এপিসি ও হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে ‘উদ্বেগ’ জানিয়েছেন বিশ্ব সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক।

মঙ্গলবার এক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশে শিক্ষার্থীদের উপর নির্মম ক্র্যাকডাউন অগ্রহণযোগ্য। শতাধিক নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। ইউএন-চিহ্নযুক্ত বাহন ব্যবহার উদ্বেগজনক এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে এটা জানানো হয়েছে।”

এ বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতিসংঘের কোনো যানবাহন ব্যবহার হচ্ছে না। আমি পরিষ্কার করছি, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে। সেই লোগোটা এখন মুছে দেওয়া হয়েছে।”

বুধবারের পরিদর্শনে জাতিসংঘের কোনো প্রতিনিধি ছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “তাদের আবাসিক সমন্বয়ক দেশে নাই। আমার একটু চেক করতে হবে।”

আমিরাতে ভিসা বন্ধের খবর ‘বোগাস’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে, আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে, দিস ইজ অ্যাবসোলিউটলি বোগাস। যারা দিয়েছেন এই সংবাদ, তাদের যাচাই-বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি।

“এ ধরনের সেনসিটিভ নিউজ যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের মহাপরিচালক কথা বলেছেন, একটু আগেও কথা বলেছেন। তারা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।”