১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের রিমান্ড শুনানি ২৬ জানুয়ারি

গত শুক্রবার দুদকের একটি দল রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে দুদক। 

রোববার আসামি আদালতে উপস্থিত না থাকায় আগামী ২৬ জানুয়ারি এ বিষয় শুনানির জন্য দিন ঠিক করেছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। 

“আদালত তার উপস্থিতিতে এ বিষয় শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ঠিক করেন।” 

গত শুক্রবার দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি দল রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। 

পরদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে দুদক। 

মামলার অভিযোগে বলা হয়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।