২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি প্রেসিডেন্ট হারুনের জামিন বহাল

“এখন আমরা আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি) দায়ের করব,”- বলেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:28 PM

Updated : 01 Sep 2022, 06:28 PM

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে দণ্ডিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের ছয় মাসের জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

হাই কোর্টের দেওয়া ওই জামিনের আদেশ স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে শুনানি করে বৃহস্পতিবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম তা গ্রহণ করেননি।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেম্বার আদালত হারুন-অর-রশীদের জামিন বহাল রেখে আদেশ দিয়েছে।

“এখন আমরা আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি) দায়ের করব,”- বলেন এই আইনজীবী।

গত মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ হারুন-অর-রশীদকে ছয় মাসের জামিন দেয়। সে আদেশে বাতিল চেয়ে পরদিন চেম্বার আদালতে আবেদন করে দুদক। এর আগে গত ২৯ জুন হারুনের জামিন আবেদনের শুনানির পর তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়ে প্রতিবেদন চেয়েছিল হাই কোর্ট। সেই প্রতিবেদন জমা দেওয়ার পর তার জামিন হয়। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হারুন সেনা প্রধানর দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান। এর কয়েক বছর পর যোগ দেন বিতর্কিত প্রতিষ্ঠান ডেসটিনি গ্রুপে। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গত ১২ মে হারুন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম।

পাশাপাশি তাদের ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানাও করা হয়। এর মধ্যে রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সাজা দেওয়া হয়েছে।

হারুন-অর-রশীদকে ৪ বছর কারাদণ্ড এবং সাড়ে ৩ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত ৯ জুন হারুন-অর-রশীদ এই দণ্ডের বিরুদ্ধে আপিল করলে তা শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট।

১০ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

পুরনো খবর:

ছয় মাসের জামিন পেলেন ডেসটিনির হারুন
কারাবন্দি ডেসটিনির হারুনের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
রফিকুল-হারুনসহ ডেসটিনির ৪৬ জনের সাজা, ২৩০০ কোটি টাকা জরিমানা