২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস-সুলেভান ফোনালাপ: বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘অব্যাহত থাকবে’

আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলেভান।

ইউনূস-সুলেভান ফোনালাপ: বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘অব্যাহত থাকবে’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলেভান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 12:30 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মুহাম্মদ ইউনূসকে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলেভান।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইউনূসের সঙ্গে সুলেভানের ফোনালাপ হয়। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পাশাপাশি বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিও উঠে আসে তাদের কথায়।

৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ইউনূসের গত সাড়ে চার মাসের নেতৃত্বের প্রশংসা করেন সুলেভান। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। 

বাংলাদেশের ‘ঘুরে দাঁড়ানো’ অর্থনীতি এবং রাজনৈতিক, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যে সংস্কার কাজ অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে, তারও প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। 

ইউনূস বলেন, তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাবেন বলে আশা করছেন। এরপর সংস্কার কাজ ও নির্বাচনের জন্য দেশের জনগণকে প্রস্তুত করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার কাজ শুরু করবেন।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, সুলেভান আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় ইউনূসকে ধন্যবাদ জানান। 

ইউনূস গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তার বৈঠকের কথা ফোনালাপে তুলে ধরেন।

আলাপে ইউনূস ও সুলেভান বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন। চ্যালেঞ্জিং সময়ে সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

তাদের এই ফোনালাপ নিয়ে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, “সুলেভান একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানান। তারা দুজনেই ধর্মের ভেদাভেদ না করে সবার মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

“সুলেভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রুতিশ্রুতি দেন।”