ঢাকায় পদযাত্রা: 'অনেক হয়েছে, আর নাশকতা নয়'
নাশকতার প্রতিবাদে রাজধানীতে প্রতীকী পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
"আজকে যখন ট্রেনের ভেতরে মায়ের কোলে শিশু আগুনে পুড়ে মারা যায়,তখন আমাদের বলতে হয় এই ঘটনা রাজনীতির ফসল হতে পারে না। এটা অন্য কিছু, এই অন্য কিছু স্বাধীন বাংলাদেশে আর দেখতে চাই না। আমাদের এখন নাশকতাকে না বলতে হবে," গত দেড় মাসের বেশি সময় ধরে চলা নাশকতার বিরুদ্ধে এই ভাষায় ক্ষোভ আর আক্ষেপ এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে।
বিএনপি ও সমমনাদের রাজনৈতিক আন্দোলন কর্মসূচির মধ্যে, বাস-ট্রেনে আগুনের ঘটনায় প্রাণহানি এবং নানা ধরনের নাশকতার প্রতিবাদে রাজধানীতে প্রতীকী পদযাত্রা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওই আয়োজনে অংশ নিতে ভুক্তভোগীদের পরিবার, শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, উদ্যোক্তা থেকে বিনোদন জগতের তারাকাদের অনেকই শামিল হন। সেখান থেকে যেকোনো মূল্যে নাশকতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় এসে বিচার দাবিও করেছেন অংশগ্রহণকারীরা।
শনিবার সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরাই বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রা শুরুর আগে সেখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ‘নির্দেশনা’ নামে একটি পথনাটক পরিবেশন করা হয়।
এরপর বেলা সাড়ে ১১ টায় বিভিন্ন সংগঠনের ব্যানারে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি দোয়েল চত্বর, মৎস ভবন ঘুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।
গত মাসে রাজধানীতে বাসে অগ্নি নাশকতার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান বাসের সহকারি নাহিদ।
পদযাত্রা শুরুর আগে তার মা রহিমা বেগম বলেন, “আমরা ছেলের রাতে বাসায় আসার কথা ছিল। কিন্তু বাসে আগুন দেওয়ায় নাহিদ পুড়ে মারা যায়। কেন আমার ছেলে মরবে? এই স্বাধীন দেশে কী আমাদের নিরাপদে পথ চলার অধিকার নাই? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।"
২০১৩ সালে শাহবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় হাত ঝলসে যাওয়া খাদিজা নাসরীন বলেন, "২০১৩ সালের ২৮ নভেম্বর যখন অফিস থেকে শাহবাগ এসে পৌঁছাই, তখন বাসে আগুন দেওয়া হলে সব যাত্রী চিৎকার করছিল। আমার দুটি হাত ঝলসে গেছে। তারপর আমার এই দুই হাতে অসহ্য যন্ত্রণায় ভুগেছি বেশকিছু দিন।
“আমরা সেই ২০১৩ সাল থেকে ২০২৩ পর্যন্ত এই অগ্নিসন্ত্রাসের সুপ্রিম হুকুমদাতাকে না বলি। এই অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের বিচার করতে হবে।”
‘অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ নারী সমাজ’ ব্যানারে পদযাত্রায় অংশ নিয়ে মারিয়া বেগম বলেন, "২০০৯ সালের পর থেকে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল উন্নয়নের অগ্রযাত্রায়। সেই উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য ২০১৩ সাল থেকে একটি স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অগ্নিসন্ত্রাস শুরু করে। আমরা তাদের বিচার দাবি করছি এবং তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছি।”
পদযাত্রায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, "এরকম বাংলাদেশ আমরা কেউ চাই না। আজকে যখন ট্রেনের ভেতর মায়ের কোলে শিশু আগুনে মারা যায়, তখন আমাদের বলতে হয় এ আসলে রাজনীতি নয়, এটা অন্য কিছু।"
এ ধরনের নাশকতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন রিয়াজ।
নায়িকা নিপুন আক্তার বলেন, "আমরা নাশকতা চাই না। আমরা আমাদের সন্তান, জানমালের সুরক্ষা চাই। কিছুদিন আগে রেলের মধ্যে এক মা তার সন্তানকে কোলে জড়িয়ে আগুনে পুড়ে মারা গিয়েছেন। আমরা আসলে এরকম নাশকতা চাচ্ছি না।"
নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস বলেছেন, অগ্নিসন্ত্রাস বিরুদ্ধে সবাই আজ এক হয়েছে।
“এই অগ্নিসন্ত্রাস, ভাংচুর আমাদের উদ্যোক্তাদের জন্যে আরও বেশি ক্ষতিকর। আমাদের পণ্যের সাথে সাথে লোকবলেরও প্রাণহানি ঘটে৷ যার ফলে আমাদের ব্যবসায় ক্ষতি হয়৷ আমরা শান্তি চাই, শান্তির পক্ষে তাই এখানে দাঁড়িয়েছি।”
‘পুরান ঢাকার যুব সমাজ’ ব্যানারে অংশ নেওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম মৃধা বলেন, "আমরা যুব সমাজ সব সময়ই শান্তিপূর্ণ দেশের পক্ষে,শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে। অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ, মানুষ হত্যা কখনো সঙ্কটে থেকে উত্তরণের পথ দেখাতে পারে না। আলোচনায় সমাধান হতে পারে। আমরা যুব সমাজ চাই আলোচনার করেই সঙ্কট সমাধান করা হোক। আর যেখানেই অগ্নি সন্ত্রাস আর অনিয়ম-অশান্তি আমরা যুব সমাজ তার বিরুদ্ধে দাঁড়াব।”
পদযাত্রায় বিভিন্ন সংগঠন সংহতি জানিয়ে অংশ নেয়। এর মধ্যে ছিল দেশের পক্ষে খেটে খাওয়া কৃষক সমাজ, ক্রীড়াসঙ্গ,বাংলাদেশ এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম, হিজড়াদের সংগঠন হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, শান্তির নীড় হিজড়া সংঘ, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নারী উদ্যোক্তারা, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজ, রিয়েল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, জাতীয় ইমাম সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যাংকার্স কমিউনিটি, ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সম্প্রীতি বাংলাদেশ, অগ্নিসন্ত্রাসের আর্তনাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল, নিপীড়ন বিরোধী বুদ্ধিস্ট কমিউনিটি, সংহিতাবিরোধী ক্রীড়াবিদ ফোরাম, বাংলাদেশ ওলামা মশায়েখ ও সুশীল সমাজ, সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ।
