২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে আগুন: ক্ষতিগ্রস্ত দপ্তরের কাজ যেভাবে চলবে

“কার্যক্রম চলমান রাখার জন্য অন্যান্য সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি,” বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 08:57 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চলমান রাখতে অন্যান্য সরকারি দপ্তরে খালি জায়গা ‘খোঁজার’ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য অন্যান্য সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। এরই মধ্যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয় গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়।”

সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে একে একে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভাতে বেজে যায় বেলা পৌনে ১২টা।

প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তর।  

এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। 

অগ্নিকাণ্ডের কারণে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকাণ্ড কার্যত বন্ধ ছিল।  

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে একজন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।

এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ‘যতদ্রুত সম্ভব’ পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বৃহস্পতিবার একই সংবাদ সম্মেলনে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এদিন একটি জরুরি বৈঠকে উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক (সদস্য সচিব), সদস্য সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ, এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিকেল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে সাত সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।