ছিনতাইকারীকে ধরলেন বৃদ্ধ ভিক্ষুক
ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ায় ওই ভিক্ষুককে পুরস্কার দিয়েছে পুলিশ।
পথচারী তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে ভোঁ দৌড় দিয়েছিল এক যুবক, সেসময় ভুক্তভোগীর চিৎকারে সহায়তার হাত বাড়িয়েছেন ষাটোর্ধ্ব এক ভিক্ষুক।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের 'কুশল সেন্টারের' সামনে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ (৩৬)।
সিভা চিৎকার করলে আশেপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া।
মোহসীন বলেন, “সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন।পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশের কাছে দেন।”
পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলেছিলেন। তাকে বমি করিয়ে সেই চেইন বের করে আনা হয় বলে ওসি জানান।
এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
