২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা দিয়ে দুলাভাইকে ‘ফাঁসাতে’ গিয়ে শ্যালক নিজেই ধরা

বোন-দুলাভাইয়ের মধ্যে সমস্যা চলছিল, তাই দুলাভাইকে শায়েস্তা করার পরিকল্পনা করেছিলেন শ্যালক। 

ইয়াবা দিয়ে দুলাভাইকে ‘ফাঁসাতে’ গিয়ে শ্যালক নিজেই ধরা

গ্রেপ্তার মো. রনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 03:18 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পারিবারিক ‘বিরোধের’ জের ধরে আপন ভগ্নিপতিকে ‘শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করে উল্টো নিজেই ফেঁসে গেছেন এক ব্যক্তি। 

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে রনি নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। 

রনির গ্রামের বাড়ি গাজীপুর। আর তার বোন ও ভগ্নিপতি আব্দুল কাদের থাকেন উত্তরায়। 

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, রনির বোনের সঙ্গে তার দুলাভাইয়ের সমস্যা চলছিল। তাই রনি তার দুলাভাইকে ‘শায়েস্তা’ করতে তার মোটরসাইকেলে ইয়াবা রেখে ‘ফাঁসানোর’ চেষ্টা করেন। 

“গত রাতে রনি পুলিশকে ফোন করে জানান, আব্দুল কাদের নামে এক ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রেখে সেগুলো পাচার করছে। পরে রনির দেওয়া ঠিকানায় গিয়ে পুলিশ ওই ব্যক্তির মোটরসাইকেলের সিটের নিচে ৯০টি ইয়াবা পায়। কিন্তু ওই ইয়াবা কীভাবে বাইকে এল সে সম্পর্কে কাদের কিছুই জানেন না বলে পুলিশকে জানান। 

ওসি জানান, বাইকের সিটের লক ভাঙা দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ঘটনাস্থলেই তথ্যদাতা রনিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কাদের তাকে নিজের শ্যালক বলে পরিচয় দেন। পারিবারিক সমস্যা আছে বলেও পুলিশের কাছে দাবি করে কাদের।  

“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি স্বীকার করেন, দুলাভাইকে ফাঁসানর পরিকল্পনায় নিজেই ইয়াবা বাইকের সিটের নিচে লুকিয়ে রেখেছিলেন এবং পুলিশকে ফোন করে খবর দিয়েছিলেন।” 

এ ঘটনায় রনির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।