২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগ নেতা অপু হত্যা মামলায় রিমান্ডে ৬ জন

আসামিরা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

শ্রমিক লীগ নেতা অপু হত্যা মামলায় রিমান্ডে ৬ জন

নিহত অপু ইসলাম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 07:14 PM

Updated : 11 Jun 2023, 07:14 PM

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের ৪১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক অপু ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ।

রিমান্ডে যাওয়ারা হলেন- শাহাদাত হোসেন, মোরশেদ হোসেন, হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির। তাদের মধ্যে প্রথম তিনজন শিক্ষক ও ব্যাংকার এবং শেষের তিনজন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার ভক্ত জানান, এ দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মেহেদী হাসান। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশ দেন।

নিহতের মামা দীন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতারকুল শান্তিপাড়ায় অপু তার পাইপের ফ্যাক্টরিতে পাইপে পানি দিচ্ছিল। সেসময় পানি ছিটকে পাশের বাড়ির কয়েকজন ব্যাচেলর ভাড়াটিয়ার গায়ে লাগে। এ নিয়ে ওই ভাড়াটিয়াদের সঙ্গে কথা কাটাকাটি হলে অপু দুঃখ প্রকাশ করে।

“পরবর্তীতে ওই ভাড়াটিয়ারা অভিযোগ করলে বাড়ির মালিক শাহাদাত মাস্টার আমার ভাগনে অপুকে নির্মাণাধীন ছয় তলায় ডেকে নিয়ে বকাঝকা করে। ব্যাচেলার ভাড়াটিয়ারাও সেখানে ছিল। তারাও বেশ বকাঝকা ও মারধর করে। একপর্যায়ে অপুকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে ফেলে দেওয়া হয়।”

মামলার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তা দিয়ে অপুর যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে মারধর করে ছেড়ে দেয়।

একইদিন রাত পৌনে ৯টার দিকে অন্য আসামিরা মীমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। তারা অকথ্য ভাষায় গালাগালি করলে অপু তার প্রতিবাদ করে। একপর্যায়ে ভবনের সাত তলা থেকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে নিহত অপুর বড় ভাই খুরশেদ আলম বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর:

ঢাকার বাড্ডায় ‘ছয় তলা থেকে ফেলে’ ব্যবসায়ীকে হত্যা