স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নে পরিচয়ে ‘প্রতারণা’র অভিযোগে গ্রেপ্তার
আবদুর রাজ্জাক রাজন নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে জুটনের বিরুদ্ধে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাগ্নে ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানের ভাই পরিচয়ে প্রতারণার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম মো. জুটন মিয়া, বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। থাকতেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বুধবার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল।
জুটন ফটোশপ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের পাশে নিজের ছবি বসাতেন। সেগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন।
হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের সঙ্গে আত্মীয়তার পরিচয় দিয়ে আবদুর রাজ্জাক রাজন নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে জুটনের বিরুদ্ধে।
আবদুর রাজ্জাক সিলেটে মেট্টোপলিটন আদালতে মামলা করার পর বিচারক জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান হাজারীবাগ থানার ওসি।
