২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেহেস্তে’ আছে আওয়ামী লীগকর্মী আর মন্ত্রী-এমপিরা: জি এম কাদের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রেক্ষিতে জি এম কাদেরের এই বক্তব্য এলো।

‘বেহেস্তে’ আছে আওয়ামী লীগকর্মী আর মন্ত্রী-এমপিরা: জি এম কাদের

এলডিপির সহসভাপতি আবু জাফর সিদ্দিকীসহ কয়েকজন নেতাকে ফুল দিয়ে বরণ করেন জাপার চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 07:05 PM

Updated : 13 Aug 2022, 07:05 PM

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরা ‘বেহেস্তে’ আছেন।

শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কয়েকজন নেতার জাতীয় পার্টিতে যোগদানের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন। কারণ, সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় কামিয়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতিবছর তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।”

শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বাংলাদেশ অনেক ভাল আছে।“

মন্তব্যটির পর আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার এর ব্যাখ্যাও দেন পররাষ্ট্রমন্ত্রী।

পুরনো খবর:

বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে: মোমেন
‘বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মোমেন

দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকী জাতীয় পার্টিতে যোগ দেন।

দলবদল অনুষ্ঠানে জি এম কাদের বলেন, “নিজেদের দলের লোকদের বাঁচাতেই দূর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অন্যদিকে, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্যে উর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ।”

এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, আব্দুল হাই নোমান, জসিম উদ্দিন চৌধুরী, ফেরদৌস ফাহিমও জাপায় যোগ দেন।