রাস্তায় গলা থেকে সোনার চেইন ছিনতাই, দৌড়ে ধরল র্যাব
স্বামীর সঙ্গে কমলাপুর এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন সেই নারী, ছিনতাইকারী টান দিয়ে তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।
রাজধানীর কমলাপুর এলাকায় এক নারীর গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে দৌড়ে ধরেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর এলাকা থেকে মো. আরিফ হোসেন নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, মিতুল রায় রনি নামের এক নারী তার স্বামীর সঙ্গে কমলাপুর এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিলেন।
“হঠাৎ এক ছিনতাইকারী তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত একজন রাব সদস্য পেছন পেছন দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন।”
আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেইন ছিনতাইয়ের কথা ‘স্বীকার করেছেন’ এবং চেইনটি পরে ওই নারীকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার ফারজানা।
তিনি বলেন, “আরিফ একজন পেশাদার ছিনতাইকারী, চুরি-ছিনতাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত সে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
