২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ২ মৃত্যু: লরিচালক ধরা নোয়াখালীতে

“চালক আজাদ ভারী লরি চালালেও তার লাইসেন্স ছিল হালকা যানের,” বলেন ওসি মহসীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 08:52 PM

Updated : 29 Aug 2022, 08:52 PM

রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনের সময় লরিচাপায় ট্রাফিক পুলিশ সদস্যসহ দুজন নিহতের ঘটনায় যানটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী থেকে রোববার রাতে লরি চালক আব্দুল আল আজাদকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, “আজাদ ভারী লরি চালালেও তার লাইসেন্স ছিল হালকা যানের।”

রোববার ভোরে উত্তরা ৯ নম্বর সেক্টরে লরি চাপায় ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) এবং জাহাঙ্গীর আলম (২৭) নামে বাস কাউন্টার স্টাফ নিহত হন।

মাসুদ বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। আর জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ময়মনসিংহের মাঝির হাটে, বাবার নাম ফয়জুদ্দিন।

আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 'তাসিন' ফিলিং স্টেশনের পূর্ব পাশে ডিউটিতে ছিলেন কনস্টেবল মাসুদ।

“ওই সময় পেছন দিক থেকে একটি লরি এসে মাসুদ এবং তার কাছাকাছি থাকা পথচারী জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান,“ বলেন ওসি মহসীন।

এ ঘটনায় মাসুদের স্ত্রী রিনি সুলতানা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন।