মতপ্রকাশের স্বাধীনতা, সৃজনশীলতার অভাব তরুণদের প্রভাবিত করে: নরওয়ের রাষ্ট্রদূত
সেমিনারে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
তরুণ প্রজন্মের বিকাশে তাদের মতপ্রকাশের স্বাধীনতা, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার সুযোগের উপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন।
সোমবার সকালে গুলশানে নিজের বাসভবনে একদল তরুণ-তরুণীর সঙ্গে সেমিনারে যোগ দেন তিনি।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা, সৃজনশীলতার সুযোগ ও মুক্ত চিন্তার অভাব তরুণ প্রজন্মকে ভীষণভাবে প্রভাবিত করে।”
নরওয়ে দূতাবাস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে 'লিসেন টু দ্য ভয়েসেস অব দ্য ইয়ুথ' শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন। যেখানে তরুণদের জন্য সামাজিক বিষয়ের পাশাপাশি এন্ট্রেপ্রেনিওরশিপ, দক্ষতা ও সুযোগের বিষয় আলোচনায় উঠে আসে।
সামাজিক বিষয়ের ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিয়ে কাজ করার বিষয়ে রাষ্ট্রদূত ভেন্ডসেন বলেন, পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গভিত্তিক রীতিনীতি অনেক সময় নারীদেরকে তাদের সম্ভাবনা কাজে লাগানো থেকে পিছিয়ে রাখে।
নরওয়ে এক্ষেত্রে গত একশ বছর ‘সংগ্রাম’ করলেও ‘পুরোপুরি সমাধান’ করতে পারেনি বলে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, “আমাদের অভিজ্ঞতা বলছে, এটাতে সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার। সরকার ও অন্য সবার উদ্যোগ দরকার হয় এবং সত্যিকারের পরিবর্তন দেখার জন্য দৃষ্টিভঙ্গি ও রীতিনীতির পরিবর্তনে লাগে সময়।
“অর্ধেক জনগোষ্ঠীকে রাজনৈতিক পরিমণ্ডল ও কর্মশক্তির বাইরে রাখার সুযোগ সমাজেরই নেই। মানবিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কোনো বোধেই এটা আসে না।”
অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়তে প্রতিবন্ধী এবং প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করার উপরও জোর দেন রাষ্ট্রদূত।
তরুণদের কথা শোনার উপর গুরুত্বারোপ করতে গিয়ে এসপেন রিকটার-ভেন্ডসেন বলেন, “খোলাখুলি বলতে গেলে আমি কেবল বয়স্ক লোকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বৈঠক করি। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে, এই লোকগুলো তখন থাকবেই না।”
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, “আমরা চাই কিশোরী, যুব নারী এবং যুবদের বিকাশের যথেষ্ট সুযোগ থাকুক। কারণ আমরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সবসময় সাথে আছি।
“প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন অর্জনে সহায়তা দিতে এবং তাদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা হয়ে উঠতে যথাযথ চ্যানেলের সঙ্গে নেটওয়ার্ক করে দিতে সবসময় সাথে আছে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন তরুণ চলচ্চিত্র পরিচালক রাকা নোশিন নওয়ার এবং নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)’ এর সভাপতি নাসিমা আক্তার নিশা।
রাকা নোশিন নওয়ার বলেন, “তরুণদের ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে হবে। তাদের সেই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় অনুশীলন করতে হবে। তাদের আশপাশে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তাদের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী নিয়মিত অনুশীলন করে লক্ষ্যে পৌছাতে হবে। এক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই।”
নাসিমা আক্তার নিশি বাংলাদেশি তরুণদের জন্য উদ্যোক্তা, দক্ষতা ও সুযোগের ওপর আলোকপাত করে বলেন, “প্রতিযোগিতামূলক সমাজে কিশোরী ও তরুণদের এগিয়ে যাওয়ার জন্য দক্ষতা উন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে তাদের বিশদভাবে চিন্তা করতে হবে। এই বিষয়ে যুব কর্মসংস্থানের সুবিধার্থে এনজিও, সরকার এবং করপোরেট সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন।”
প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহের মূল কারণ, প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি, চাকরি খুঁজতে নানা চ্যালেঞ্জ এবং কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধির মতো আরও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জেন্ডার সমতার অধিকারের পক্ষে কীভাবে বিদ্যমান প্রচলিত নানা সামাজিক রীতিনীতি কাটিয়ে উঠতে পারে সে সম্পর্কেও আলোকপাত করেন।
সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘পলিসি অ্যাডভোকেসি ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ক্যাম্পেইনস’ বিষয়ক পরিচালক নিশাত সুলতানা।
