Published : 29 Jan 2024, 04:15 PM
কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাসপোর্ট ও বোর্ডিং পাস ছাড়াই এক বালকের উঠে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ জন কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কুয়েত এয়ারওয়েজকে কারণ দর্শাতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত ১২ সেপ্টেম্বর রাত সোয়া ৩টায় ঢাকা থেকে কুয়েতগামী ওই ফ্লাইটে উঠে পড়েছিল গোপালগঞ্জের মুকসুদপুরের একটি শিশু। ফ্লাইটটি তখন ছেড়ে যাওয়ার চুড়ান্ত প্রস্তুতিতে ছিল। কেবিন ক্রুরা শিশুটিকে আসন ছাড়া ঘোরাফেরা করতে দেখে বসতে বললে জানা যায়, তার কোনো অভিভাবক এখানে নেই। পরে যাত্রী গুণে কেবিন ক্রুরা বুঝতে পারেন, তাদের নির্ধারিত যাত্রীর চেয়ে একজন বেশি রয়েছে ফ্লাইটে। এরপর শুরু হয় হইচই। পরে শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) হেফাজতে দেওয়া হয়।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বুধবার বলেন, “এখানে যেই দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনাকে আমরা মোটেও হালকা ভাবে নিচ্ছি না। ৫ সদস্যসের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে ১০জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কুয়েত এয়ারওয়েজকেও কারণ দর্শাতে বলা হয়েছে।”
এদিকে শিশুটিকে পরে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয় বলে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। মাদ্রাসায় পড়ুয়া শিশুটি বাড়ি থেকে পালিয়ে এসেছিল বলে তার অভিভাবক জানিয়েছেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)