২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

হাজারীবাগে দগ্ধ দুইজনের অবস্থা ভালো নয়

রোববার মধ্যরাতে মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণ হলে এক শ্রমিকের মৃত্যু হয়, দগ্ধ হন আরও দুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 12:54 PM

Updated : 26 Sep 2022, 12:54 PM

ঢাকার হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দগ্ধ আলীম (৪০) ও দীপক (২৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুজনেরই শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

রোববার মধ্যরাতে হাজারীবাগের বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস নামের একটি কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণ হলে ইলিয়াস নামে ২০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়।

দগ্ধ দুজনও ওই কুরিয়ার সার্ভিসে নিয়মিত শ্রমিকের কাজ করতেন বলে জানান হাজারীবাগ থানার ওসি মোকতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কভার্ডভ্যান থেকে কেমিকেল জাতীয় সামগ্রী নামানোর সময় মিস হ্যান্ডলিংয়ের কারণে বিস্ফোরণ হয় বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ওই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ওসি জানান, “বিষয়টি প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে। কীভাবে ঘটল, মালামালগুলো বৈধ কিনা, এসব দাহ্য পদার্থ তাদের বহনের অনুমতি আছে কিনা সব খতিয়ে দেখা হবে।”

পুরনো খবর:

ঢাকায় কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণে একজন নিহত

রাতে ওই বিস্ফোরণের পর আগুন ধরে গেলে জারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে তা নেভায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন সে সময় বলেছিলেন, কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা তারা তদন্ত করে দেখছেন।

মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পীযূষ কান্তি নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে পাঠানোর জন্য তাদের গুলশান শাখা থেকে আটটি গ্যালন (ক্যানেস্তারা) বুক করা হয়। হাজারীবাগে ওয়্যারহাউস মালামাল নামানোর সময় বিস্ফোরণ ঘটে।

“যিনি বুক করেছেন, তিনি কোনো ঘোষণা দেননি যে এটা দাহ্য পদার্থ। বিষয়টি আমরা নিজস্বভাবে খতিয়ে দেখছি।"

যার পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং যার নামে যাচ্ছিল, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে পীযূষ বলেন, “এ ব্যাপারে আমরা পুলিশকে সহযোগিতা করছি।”