কারখানায় ‘পাথরের টুকরো ছিটকে’ শ্রমিকের মৃত্যু
একটি মেশিনের পাশে থেকে কাজ করার সময় পাথরের টুকরো তার মুখে সজোরে আঘাত করলে তিনি পড়ে যান, জানায় পুলিশ।
ঢাকার কদমতলীর একটি পাথর ভাঙা কারখানায় ‘টুকরো পাথরের আঘাতে’ এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে শ্যামপুর আলী বহর এলাকার ‘পানামা’ নামের কারাখানায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেনের (৪৫) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানান কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কারখানায় গ্রাইন্ডিং পাথর মসৃণ বা কাটার কাজ করা হয়ে থাকে।
“দেলোয়ারও একটি মেশিনের পাশে থেকে কাজ করছিলেন। হঠাৎ একটি পাথরের টুকরো তার মুখে সজোরে আঘাত করে। ফলে ঘটনাস্থলে তিনি পড়ে যান।”
দেলোয়ারের সহকর্মী স্বপন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাইন্ডিং পাথরের একটি অংশ মেশিনে লাগিয়ে সুইচ অন করতে যাওয়া মাত্র ভেঙ্গে যায় এবং একটি টুকরা দেলোয়ারের মুখে লাগে।তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।”
এই ঘটনায় কেউ অভিযোগ করেনি জানিয়ে পুলিশ পরিদর্শক জানান, অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
