এক্সপ্রেসওয়ের রড গেঁথে মৃত্যু: মেলেনি সেই কিশোরের পরিচয়
আনুমানিক ১২ বছর বয়সী ওই কিশোরের নাম সুমন, শুধু এটুকুই পুলিশ জানতে পেরেছে।
নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের পড়ে যাওয়া রড মাথায় গেঁথে নিহত কিশোরের পরিচয় শনাক্তে সন্ধ্যা পর্যন্ত কেউ আসেনি। পুলিশ বলছে, ‘ভাসমান প্রকৃতির’ এই কিশোরের নাম সুমন বলে জানা গেলেও এর বেশি কিছু তারাও জানতে পারেননি।
সোমবার সকালে ঢাকার মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় ঢুকে গেলে এ অবস্থায়ই তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছিলেন।
বিকালে হাসপাতালের মর্গে আনুমানিক ১২ বছর বয়সী ওই কিশোরের সুরতহাল করেন রেলওয়ে পুলিশের এসআই রুহুল আমিন।
সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আব্দুল কাদের ইমন জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া রডটি ওই কিশোরের মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।
খবর শুনে বনানী থানার এসআই আব্দুল মতিন বিশ্বাস ঘটনাস্থল ও এর আশপাশে তদন্তে নামেন।
তিনি বলেন, রেলগেইটের কাছে এক্সপ্রেওয়ের ২৮৬ ও ২৮৭ নম্বর পিলারের মাঝে রেললাইনের উপরই এই ঘটনা ঘটে। শিশুটি কমলাপুরমুখী রেললাইনটির ওপর দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে।
তার পরিচয় পাওয়া যাচ্ছে না জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এসআই মতিন বলেন, “এখানকার লোকজন তাকে চিনতে পারছে না। শিশুটির পায়ে কোনো জুতো পাওয়া যায়নি, জামা-কাপড়ও ময়লা। ধারণা করা হচ্ছে সে ভাসমান। তার নাম সুমন বলে জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।”
এদিকে রডটি কীভাবে নিচে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, খবর শুনে তারা ঢাকা মেডিকেল ও ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠিয়েছেন। তারা এখনও তদন্ত করছে।
রেলগেইটের কাছেই চায়ের দোকান চালান সুমাইয়া নামে এক নারী। তিনি ওই কিশোরকে আশপাশে দেখেছেন আগে, তবে নাম জানেন না।
সুমাইয়া বলেন, সকালের দিকের ঘট্না। হঠাৎ উপর থেকে রডটি এসে ছেলেটির মাথায় ঢুকে যায়।
এই ঘটনার পর তার মধ্যেও ভয় ধরেছে। “আমরা তো সারাদিন-রাইতই এইহানে থাকি, এহন তো ইদিক দিয়া যাইতে আমার ডর করে। পুলার বাপেরে কইছি মাথায় গামলা দিয়া ঘুরতে।”
