মাদক মামলায় ভারতীয় নাগরিকের দেড় বছরের কারাদণ্ড
আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।
তিন বছর আগে ঢাকায় চার কেজি গাঁজাসহ ধরা পড়া ভারতীয় নাগরিক সমীর সরকারকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর হাকিম আফনান সুমি।
আদালত কর্মকর্তা জহিরুল কাইয়ুম জানান, কারাদণ্ডের পাশাপাশি সমীরকে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।
দণ্ডপ্রাপ্ত সমীর সরকার ভারতের ত্রিপুরার পুরান রাজবাড়ীর কমলাপুরের দিদান সরকারের ছেলে।
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে সমীর সরকারকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার মামলা দায়ের করেন।
