রেমাল: ‘ঝুঁকিতে পড়া’ ৩২ লাখ শিশুর পাশে থাকবে ইউনিসেফ
“এ সংকটময় মুহূর্তে আমাদের একমাত্র প্রচেষ্টা ঝড়ে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া,” বলেছেন শেলডন ইয়েট।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়া ৩২ লাখ শিশুর পাশে থাকার বার্তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা-ইউনিসেফ।
সোমবার এ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেন, রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে শিশুসহ ৮৪ লাখের বেশি মানুষ ঝুঁকিতে পড়েছে।
রোববার রাতে বাংলাদেশ আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল।
রেমালের প্রভাবে রোববার বিকাল থেকে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। সোমবার সকাল থেকে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ে। বৃষ্টি ঝড়িয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে, ঘর ভেঙে ও দেয়াল ধসে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের দুই কোটি ৭০ লাখ গ্রাহক। সব মিলিয়ে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ৭৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সামগ্রিকভাবে এসব ক্ষয়ক্ষতির শিকার অঞ্চলের মানুষের দুর্ভোগ দীর্ঘমেয়াদি হতে পারে বলে ধারণা করছে ইউনিসেফ।
সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলেন, “এ সংকটময় মুহূর্তে আমাদের একমাত্র প্রচেষ্টা ঝড়ে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ভোলা, পটুয়াখালী ও বাগেরহাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অনেক উপজেলা প্লাবিত হয়েছে।
“ইউনিসেফ শুরু থেকেই মাঠে রয়েছে। ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে প্রাথমিক সতর্কতামূলক প্রচার ও প্রচেষ্টা থেকে শুরু করে সরকারকে সর্বাত্মক সহায়তা করছে।”
ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে ও আশ্রয়কেন্দ্রে বিতরণের জন্য ইউনিসেফ দেশের ৩৫টি গুদামে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান, মোবাইল টয়লেট, স্বাস্থ্যবিধি ও পরিবারের জন্য উপযোগী কিটসহ বিভিন্ন সামগ্রী মজুত করেছে বলে শেলডন ইয়েট জানান।
বিবৃতিতে বলা হয়, “আমাদের দুটি দ্রুত সেবা প্রদানকারী দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। প্রাথমিক প্রচেষ্টার অংশ হিসেবে ইউনিসেফ রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে। তবে সব খাতে মেয়ে, নারী ও প্রতিবন্ধীদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি দেখা দিয়েছে।
“পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা সরকার ও অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। পাশাপাশি প্রয়োজনে দ্রুত সহায়তা ও ত্রাণ প্রদানে সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করছি। আমাদের অগ্রাধিকার হল সবচেয়ে প্রান্তিক মানুষের জীবন রক্ষা করা ও কল্যাণ নিশ্চিত করা; বিশেষ করে শিশুদের, যারা এই ধরনের দুর্যোগের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।”
ইউনিসেফ বলছে, বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিন কিছু স্থানে কাজ করছে তারা । ১৯০টির বেশি দেশ ও অঞ্চলে সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তোলা তাদের লক্ষ্য।
