৪০১ ধারায় কী আছে, আইনজীবীদের কী ব্যাখ্যা
এই ধারায় উপধারা আছে ৬টি।
আবার আলোচনায় ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা। এই ধারায় কী আছে তা নিয়ে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ।
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৭ বছরের সাজা প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে স্থগিত হয়েছে এই ধারা ব্যবহার করেই। তবে ওই ধারায় একবার দেওয়া আদেশ চলমান থাকা অবস্থায় পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
২০১৮ সালে দুর্নীতি মামলার দণ্ড নিয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দুই বছর পর দেশে করোনাভাইরাস মহামারী দেখা দেয়। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ঘরে ফেরেন বিএনপি নেত্রী।
ছয় মাসের জন্য সাময়িক মুক্তির এই মেয়াদ পরে আবার একই মেয়াদে বাড়ানো হয়েছে আট দফা।
নির্বাহী আদেশে একটি শর্ত ছিল, বিএনপি নেত্রী দেশের বাইরে যেতে পারবেন না। তবে তার পরিবার এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাইছে।
খালেদা জিয়ার পরিবারের করা আবেদন নাকচ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না।
তিনি বলেছেন, বিএনপি নেত্রীকে সাময়িক মুক্তি দেওয়ার আদেশের শর্তেই ছিল যে মুক্তির মেয়াদ বাড়ানো যাবে। সে অনুযায়ী সরকার সাজা স্থগিত ও সাময়িক মুক্তির মেয়াদ বাড়িয়েছে।
৪০১ ধারা কী বলছে:
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার চাইলে বিনাশর্তে বা শর্তসাপেক্ষে কারও দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে। স্থগিতাদেশের সময় বাড়াতে পারে। আবার শর্ত ভাঙলে স্থগিতাদেশ বাতিলও করতে পারে।
এই ধারায় উপধারা আছে ৬টি।
উপধারা-১ এ বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা শর্তে তার দণ্ড স্থগিত, অংশবিশেষ বা পুরোপুরি মওকুফ করতে পারবে।
উপধারা-২ বলছে, কোনো দণ্ড স্থগিত বা মওকুফ করতে সরকারের কাছে আবেদন করা হলে সরকার দণ্ড প্রদানকারী বিচারকের মতামত নিতে পারে এবং বিচারের নথি পাঠানোর নির্দেশ দিতে পারে।
উপধারা-৩ এ বলা আছে, যেসব শর্তে দণ্ড স্থগিত বা মওকুফ করা হয়েছে, কোনোটি পালন করা হয়নি মনে করলে সরকার সাজা স্থগিত বা বাতিলের আদেশ বাতিল দিতে পারবে। সে ক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এবং দণ্ড ভোগ করার জন্য তাকে জেলে পাঠানো যাবে।
উপধারা ৪ অনুযায়ী দণ্ড স্থগিত বা মওকুফ করার শর্ত এমন হবে যা পূরণে সে স্বাধীন থাকবে।
এই ধারার আবার একটি উপধারা আছে। সেখানে বলা হয়েছে, কোনো ফৌজদারি আদালত কোনো আদেশ দিলে তা সেই ব্যক্তির স্বাধীনতা খর্ব করতে পারে বা তার বা সম্পত্তির ওপর দায় আরোপ করতে পারে।
উপধারা ৫ অনুযায়ী, এই ধারা যে ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়েছে, তিনি রাষ্ট্রপতির অনুকম্পা প্রদর্শনের অধিকারী থাকবেন।
উপধারা ৬ অনুযায়ী সরকার সাধারণ বিধিমালা বা বিশেষ আদেশ দিয়ে দণ্ড স্থগিত রাখা এবং দরখাস্ত দাখিল ও বিবেচনার শর্তাবলীর বিষয়ে নির্দেশ দিতে পারবে।
আইনজীবীরা যা বলছেন
৪০১ ধারা প্রয়োগের বিষয়ে আইনমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা নিয়ে আইনজীবীদের মধ্যে আছে মত পার্থক্য।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় বলা আছে সরকার চাইলে শর্তসাপেক্ষে অথবা শর্তহীনভাবে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড স্থগিত, মওকুফ করতে বা কমাতে পারে।
“তাহলে দেশের হাসপাতালে চিকিৎসার কথা যেখানে বলা আছে, সেখানে বিদেশের হাসপাতালে চিকিৎসার কথা বলতে কেন সরকার পারবে না, এটা আমার বোধগম্য নয়।”
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, “সরকার পারে বলই গত ২২ সেপ্টেম্বর আইনমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশে নিতে দরখাস্ত করলে বিবেচনা করা হবে; তাই দরখাস্ত করা হয়েছিল।”
আপিল বিভাগের আইনজীবী এ কে এম শামশাদ বলেন, “একবার কেন, সরকার ইচ্ছা করলে বারবার সিদ্ধান্ত নিতে পারে। খালেদা জিয়াকে এখনও বিদেশে যেতে অনুমতি দেওয়ার সুযোগ আছে।”
তবে আপিল বিভাগের আইনজীবী ঝুলন কান্তি পাল আইনমন্ত্রীর ব্যাখ্যায় একমত। তিনি বলেন, “খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে।”
আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিল করতে পারেন; তবে তার আগে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে।
“ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে করা আবেদনে আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। এখন অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো স্কোপ নেই।
“এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন এবং বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কারণ সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে।”
দুই শর্তের একটি অকার্যকর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সেদিনই তিনি যান কারাগারে।
রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন বিএনপি নেত্রী। দুদক তখন সাজা বাড়ানোর আবেদন করে। ওই বছরের ৩০ অক্টোবর উচ্চ আদালত সাজা বাড়িয়ে করে ১০ বছর। তার আগের দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসে আরও সাত বছরের সাজার আদেশ।
উচ্চ আদালতে জামিনের বহু আবেদন নাকচ হলে খালেদা জিয়ার পরিবার আবেদন নিয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এরপর সরকার ৪০১ ধারা ব্যবহার করে দণ্ড স্থগিত করলে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
শুরু থেকেই সরকার দুটি শর্তের কথা বলে আসছে। প্রথমত, খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে; দ্বিতীয়ত, তিনি দেশের বাইরে যাবেন না।
২০২১ সালের ১১ এপ্রিল কোভিড শনাক্ত হলে বিএনপি নেত্রী প্রথমবারের মত হাসপাতালে ভর্তি হন।
এরপর বেশ কয়েক দফায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কখনও স্বাস্থ্য পরীক্ষার পর তিনি বাসায় ফিরে গেছেন, কখনও লম্বা সময়ের জন্য ভর্তি থেকেছেন।
বিএনপি নেত্রী গত ৯ অগাস্ট থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, লিভার জটিলতায় ভুগছেন।
বিএনপি নেতারা বলে আসছেন, জরুরি ভিত্তিতে তাদের নেত্রীর লিভার প্রতিস্থাপন করা দরকার, সেজন্যই তাকে বিদেশে নিতে হবে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
