২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নপুরী: সাঁওতালদের জমি দখলের অভিযোগ এমপি ও তার চাচার বিরুদ্ধে

বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপুরী’ ও তার আশেপাশে আবাদী জমিসহ বসতভিটা জবরদখল করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় সাঁওতাল ও মাহালী সম্প্রদায়ের কয়েকটি পরিবারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 08:50 PM

Updated : 06 Sep 2022, 08:50 PM

দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরী গড়ে তোলার জন্য সাঁওতাল ও মাহালী সম্প্রদায়ের মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একজন সংসদ সদস্য এবং তার চাচার বিরুদ্ধে।

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর গ্রামের কয়েকটি পরিবার এ অভিযোগ করেন।

তারা বলছেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এবং তার চাচা দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন স্বপ্নপুরী গড়তে গিয়ে ৭৭ দশমিক ৬১ একর জমি দখল করেছেন। জমি ফেরত চাইলে তাদের ‘হুমকি’ দেওয়া হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে শিবলী ও তার চাচা দেলোয়ার বলছেন, থানায় অভিযোগ না করে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পেছনে ‘অন্য কোনো উদ্দেশ্য আছে।’

দিনাজপুরের কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে ১৯৮৯ সালে দেলওয়ার হোসেন স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে এই বিনোদনকেন্দ্রটি শিবলী সাদিকের তত্ত্বাবধানে চলছে।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন গণেশ হেমরম, খুকুমনি হেমরম, রবেন মার্ডি, লুইস হাসদা,সলেমন মার্ডি ও বার্নাবাস হাসদা। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিষ্ণুরাম মূর্মু।

লিখিত বক্তব্যে বলা হয়, “সারাদেশে আদিবাসীদের অস্তিত্ব আজ সংকটাপন্ন। পদে পদে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আমাদের জমি-জমা কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের এলাকার সংসদ সদস্য শিবলী সাদিকের চাচা দেলোয়ার হোসেন তার মালিকানাধীন ‘স্বপ্নপুরী’ পিকনিক স্পট ও তার আশেপাশে আবাদী জমিসহ বসতভিটা জবরদখল করে নিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা পিকনিক স্পট এবং উন্নয়নমূলক কাজের নামে আদিবাসীদের শত শত একর ভূমি দখল করে চলছে।”

এই দখলের কাজে শিবলী সাদিক ‘ক্ষমতার অপব্যবহার করে’ স্থানীয় পুলিশ, প্রশাসন, ভূমি অফিসকে ব্যবহার করছেন এবং বিনোদনকেন্দ্রের ভেতরে সাঁওতাল ও মাহালি সম্প্রদায়ের তিনটি সমাধিক্ষেত্রের ওপর তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

স্বপ্নপুরীতে তাদের ৭৭ দশমিক ৬১ একর জমি দখল করা হয়েছে দাবি করে অভিযোগকারীরা বলেন, “আদিবাসী পরিবারগুলো তাদের জমি ফেরত চাইতে গেলে তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হয়। প্রাণনাশসহ দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্যও আমাদের চাপ দেওয়া হচ্ছে।”

স্বপ্নপুরীর আশেপাশে যাদের জমি-জমা রয়েছে, তারা জমি বেহাতের আশঙ্কায় আছেন দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, “বিগত কয়েক বছরে আদিবাসীদের শত শত একর জমি দখলের কারণে নিরুপায় ও ভীত-সন্ত্রস্ত হয়ে আনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এখনও অনেক পরিবার নানা ভয়ভীতি নিয়েই এলাকায় থাকছেন।”

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন সংবাদ সম্মেলনে বলেন, “একটা সরকার টানা তিনবার ক্ষমতায় আসার পরেও আদিবাসীদের বহুদিনের ‘ভূমি কমিশনের’ দাবি বাস্তবায়িত হচ্ছে না। ক্ষমতাসীনরা সমতলের আদিবাসীদের উপর অত্যাচার জোর জুলুম চালিয়ে তাদের ভূমি থেকে উচ্ছেদ করছে, তাদের দেশ থেকেও চলে যেতে বাধ্য করা হচ্ছে।“

সংবাদ সম্মেলনের পর প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশ হয়, সেখানে অভিযোগকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও স্কপ নেতা সাইফুজ্জামান বাদশা, আদিবাসী জাতীয় পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি রবীন্দ্রনাথ সরেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, উদীচীর সাংগঠনিক সম্পাদক আরিফ নুর, খাসিয়া মন্ত্রী রানা সুরং, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডাসহ আরও অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তরফ থেকে শিবলী সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “স্বপ্নপুরী যখন তৈরি হয়, তখন আমার বয়স সাত বছর। এছাড়াও তারা অভিযোগ করেছেন- তাদের কাছ থেকে স্বপ্নপুরীর ভেতরকার ৭৭ একর জমি দখল করা হয়েছে, যেখানে স্বপ্নপুরী তৈরিই হয়েছে ৭০ একরের কম জায়গা নিয়ে।”

অভিযোগকারীরা স্থানীয় থানায় কোনো লিখিত অভিযোগ দেননি কেন- এ প্রশ্ন তুলে শিবলী সাদিক বলেন, “জেলাতেও তারা দুইবার সংবাদ সম্মেলন করেছে। তাদের ভূমি যদি সত্যিই দখল করা হয়ে থাকে, তারা থানায় কেন মামলা করছেন না?”

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “সামনে জাতীয় নির্বাচন ঘিরে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের ইন্ধন দিয়ে যাচ্ছেন; তাদের কর্মকাণ্ড তারই অংশ। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এসব ষড়যন্ত্র চালানো হচ্ছে।”

জনগণের প্রতিনিধি হিসেবে এলাকায় অনেক ধরনের উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকার দাবি করে শিবলী সাদিক বলেন, “আমাদের জায়গার উপরেই হাট বাজার মসজিদ নির্মাণ করা হয়। সম্প্রতি একটি মসজিদের কাজ চলমান আছে, সেটিতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

“উনারা যেই জমি নিজেদের বলে দাবি করছেন, তার দাম সর্বসাকূল্যে ১০ থেকে ১২ কোটি টাকা। আমরা মানুষের জন্য শত শত কোটি টাকা খরচ করে কাজ করছি, এর মধ্যে তাদের ১০-১২ কোটি টাকার জমি দখলের বিষয়টি একেবারেই হাস্যকর।”

আর শিবলী সাদিকের চাচা জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “অভিযোগগুলো মোটেও সত্য নয়। আমার পুরো স্বপ্নপুরী ৩৫ একর জমিতে তৈরি করা হয়েছে। কিন্তু তারা বলছে ৭৭ একর দখল করার কথা।

“কিছু জমি তাদের পূর্বপুরুষদের কাছ থেকে কিনে নিয়েছি। দাদার বিক্রি করা জমি তাদের নাতিরা নিজেদের বলে দাবি করা কতটা যুক্তিসঙ্গত?”

অভিযোগকারীদের কোনো একটা ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থাকতে পারে মন্তব্য করে দেলোয়ার বলেন, “যদি ভূমি দখল করেই থাকি, অত্যাচার-নির্যাতন কিংবা হত্যা করে থাকি, তাহলে থানায় কেন মামলা করছে না তারা?”