১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে পড়ে থাকা কার্গো খালি করার নির্দেশ মন্ত্রীর

“পণ্য খালাসে কারও অবহেলা সহ্য করা হবে না,” বলেন তিনি।

বিমানবন্দরে পড়ে থাকা কার্গো খালি করার নির্দেশ মন্ত্রীর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 07:32 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কার্গো আইনি প্রক্রিয়া মেনে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বৈঠকের পর তিনি এ নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফারুক খান বলেন, “যে সমস্ত কার্গো আমদানির পরও দীর্ঘদিন ধরে বিমানবন্দরে পড়ে আছে, সেগুলো আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে দ্রুত ডিসপোজ অফ (অপসারণ) করতে হবে।

“এক্ষেত্রে কারও অবহেলা সহ্য করা হবে না। কোনো আমদানিকারক আমদানিকৃত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস না করালে দ্রুত আইনি প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ঢাকা কাস্টমস হাউস, বিমান, সংশ্লিষ্ট ব্যাংক ও সিএন্ডএফ এজেন্টকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করে দ্রুত পণ্য খালাস করার নির্দেশনা দেন তিনি।

বিমানবন্দরে বৈঠকের পর ব্যাগেজ এরিয়া, লস্ট অ্যান্ড ফাউন্ড শাখা এবং ইমপোর্ট কার্গো ভিলেজ পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচকের চেয়ারম্যান এয়ার কমডোর মো. সাদিকুর রহমান চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঞা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।