মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা
নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন বলে বাসস জানিয়েছে। অনুষ্ঠানে আট হাজার জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা পরে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রদত্ত ভোজসভায় যোগ দেন।
লোকসভা নির্বাচেন জয়ের পর টানা তৃতীয় মেয়াদে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াদিল্লিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার বিকালে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করার সূচি রয়েছে।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার বেলা ১২টার দিকে (স্থানীয় সময়) ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।
এর আগে বুধবার টেলিফোনে আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।
ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসন জিতেছে এবং বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩৪টি আসন পেয়েছে।
বিজেপির নেতৃত্বাধীন জোটের বিজয়ে এর আগে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ”বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে, আপনি ভারতের জনগণের আশা-আকাক্ষার প্রতীক।”
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শেয়ার করা এক বার্তায় মোদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করতে তিনি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
