১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণআন্দোলনে নিহত আহনাফের বাসায় উপদেষ্টা নাহিদ

আহনাফের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।

গণআন্দোলনে নিহত আহনাফের বাসায় উপদেষ্টা নাহিদ
গণআন্দোলনের মধ্যে মিরপুরে পুলিশের গুলিতে নিহত আহনাফের বাসায় উপদেষ্টা নাহিদ ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 05:24 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে ঢাকার মিরপুরে নিহত বিএএফ শাহীন কলেজের একাদশের ছাত্র শফিক উদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার দুপুরে মিরপুরের পাইকপাড়ায় আহনাফের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার দেশ ছাড়ার আগের দিন ৪ অগাস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে প্রাণ হারান ১৭ বছর বয়সী আহনাফ।

উপদেষ্টা নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের (আহনাফের পরিবার) উপস্থিতি কাম্য।”

আন্দোলনের মধ্যে নিহত এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।”

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ খবর নেন। তার পরিবারকে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। এসময় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

আহনাফের প্রতি শিক্ষক-শিক্ষার্থীদের অনন্য ভালোবাসা