ই-সিগনেচার ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না, রুল জারি
কর্তৃপক্ষ অফিস-আদালতে ই-সিগনেচার বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে, তা হলফনামা আকারে ১২ অগাস্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
দেশের সব অফিস-আদালতে ইলেকট্রনিক স্বাক্ষর বা ই-সিগনেচার ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব)। তার সঙ্গে ছিলেন বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
মোহাম্মদ হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিস-আদালতের অনলাইন কার্যক্রমে ই-সিগনেচার প্রদানের বিষয়ে বিধান থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ই-সিগনেচার বাস্তবায়ন হলে অপরাধ অনেকাংশে কমে যাবে ও ন্যায়বিচার নিশ্চিত হবে।”
গত ১ এপ্রিল দেশের সব অফিস আদালতে ই-সিগনেচার চালু করতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
“শুনানি শেষে সব অফিস-আদালতে ই-সিগনেচার ব্যবহার করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-সিগনেচার বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে, তা হলফনামা আকারে ১২ অগাস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।”
রিটে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ আটজনকে বিবাদী করা হয়েছে।
