১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিসিএস প্রশ্ন ফাঁস: বিজি প্রেসের এক কর্মচারী রিমান্ডে, আরেকজন কারাগারে

মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া থেকে মজনুকে ও রামপুরা থেকে আকরামকে গ্রেপ্তার করে সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার বিজি প্রেসের কর্মচারী মজনু মিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

এ মামলায় গ্রেপ্তার বিজি প্রেসের আরেক কর্মচারী আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার রিমান্ডের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। 

এদিন তাদের আদালতে হাজির করে আসামি মজনুর ১০ দিনের রিমান্ড ও আসামি আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। 

শুনানি শেষে আদালত আদেশ দেন।

মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া থেকে মজনুকে ও রামপুরা থেকে আকরামকে গ্রেপ্তার করে সিআইডি। 

বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় গত ৮ জুলাই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। 

মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার পর গত ৯ জুলাই গ্রেপ্তার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। ওইদিন আবেদসহ ছয় আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

অন্যরা হলেন- অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার।