নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় গ্রেপ্তার মা-মেয়ের জামিন
কর্তব্য পালনে বাধা ও হামলার অভিযোগে মামলা করেন সার্জেন্ট হাসিনা।
সড়কে গাড়ি রাখা নিয়ে মামলা দেওয়ার জেরে ঢাকার মোহাম্মদপুরে এক নারী সার্জেন্টকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মা ও মেয়ে ছয় দিন পর জামিন পেয়েছেন।
ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসানের আদালত থেকে মঙ্গলবার তারা জামিন পান বলে উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আনিসুর রহমান জানান।
গত ২৭ সেপ্টম্বর বিকালে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছের রাস্তায় দুটি প্রাইভেট কার রাখায় সড়ক পরিবহন আইনে মামলা করেন সেখানে দায়িত্বরত সার্জেন্ট হাসিনা।
পরে গাড়ির মালিক দিলারা আক্তার (৫০) এসে ৫ হাজার টাকার মামলার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট তার করা ভিডিও দেখিয়ে বুঝিয়ে দেন।
সার্জেন্টের করা মামলায় বলা হয়, দিলারা খাতুন তাকে অকথ্য ভাষায় গালাগালি করে পুলিশ বক্স থেকে বেরিয়ে কিছুক্ষণ পর তার মেয়ে তাসফিয়াকে (২২) নিয়ে এলে তাকেও ভিডিও দেখান সার্জেন্ট হাসিনা। কিন্তু তারা সে বিষয়ে গুরুত্ব না দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এবং মা মেয়ে মিলে কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারতে থাকেন। এছাড়া তারা হাসিনা খাতুনের ওয়াকি টকি, বডি ওর্ন ক্যামেরা রাস্তায় ছুঁড়ে ফেলে দেন।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা ঘটনার পরপরই বলেছিলেন, দায়িত্বরত দুই কনস্টেবল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাদের ওপরও চড়াও হন মা-মেয়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু থানা পুলিশের সঙ্গেও তারা ভালো ব্যবহার করেননি।
এরপরেই তাদের থানায় নেওয়া হয় এবং কর্তব্য পালনে বাধা ও হামলার অভিযোগে মামলা করেন সার্জেন্ট হাসিনা।
তাসফিয়া বিদেশে পড়াশোনা করেছেন এবং তার বাবা একজন ব্যাংকার। দিলারা আক্তার একজন গৃহিনী। তারা মোহাম্মদপুর এলাকায় থাকেন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
