২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২৬ হাজার ছাড়াল

মশাবাহিত এ রোগে গত একদিনে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 07:31 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময়ে এ রোগে মৃত্যু হয়েছে আরও দুইজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৫ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৬৫ জন, ঢাকা বিভাগে ২০০ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন ও বরিশালে ৫৫ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সিলেট বিভাগে কোনো নতুন রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়নি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৯১৫ জন রোগী। গত একদিনে মৃতদের দুজন ঢাকা বিভাগের।

চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এসময় মৃত্যুও হয়েছে বেশি।

দেশজুড়ে বুধবার পর্যন্ত ১৩ হাজার ৭১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৫৫ জনের।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ভর্তি হয়েছিল ৬৫২১ জন, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। 

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে বাড়ছে শিশু, কেউ কেউ আক্রান্ত দ্বিতীয়বার