১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেট্রোয় চড়তে ভ্যাট দিতে হবে না আরও ২ বছর

জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 06:22 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

মেট্রোরেলে চড়ার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর অভ্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, “মেট্রোরেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।”

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। 

পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত হলেও ২০২২ সালের ডিসেম্বরে চালুর পর থেকে এই সেবার ওপর ভ্যাট আরোপ করেনি।

এরপর ২০২৪ সালের জুলাই মাসে এসে ভ্যাট কার্যকরের চেষ্টা চালায় এনবিআর। কিন্তু যাত্রীদের প্রতিবাদ এবং সরকারি উদ্যোগের কারণে তা শেষ পর্যন্ত আরোপ করা হয়নি।

পরবর্তীতে সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে আসছে এনবিআর। সর্বশেষ ডিসেম্বরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট দিয়েছিল সংস্থাটি।

দুই বছর মেয়াদে ভ্যাট অব্যাহতির পাশাপাশি ৬৫ বছরের বেশি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। আর সাধারণ ট্রেনে তারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সুবিধা পাবেন।

মেট্রোরেল নিয়ে সরকারের পরিকল্পনার তুলে ধরে আমির খসরু বলেন, ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ করবে সরকার।