১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল

দুইজনের ১০ দিন করেই রিমান্ডের আবেদন করা হয়েছিল।

হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত। ছবি: মাহমুদ জামান অভি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 08:50 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। 

বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেয়।  

রিমান্ড শুনানিতে হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুলকে গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। 

এর আগে শাহজাহান আলী হত্যায় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। 

এদিকে আদালত সূত্রে জানা গেছে, সালমান ও আনিসুলের পক্ষে কয়েকজন আইনজীবী ওকালতনামা জমা দিতে গেলে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের তোপের মুখে তারা আদালত ছেড়ে চলে যান। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে ঢাকার আদালতে আনা হয়। ছবি: মাহমুদ জামান অভি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে ঢাকার আদালতে আনা হয়

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন।

গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডের শুনানিতে হাজির করতে বুধবার বিকালে আদালতে নেওয়া হয়।

কড়া নিরাপত্তায় বিকাল ৫টা ৫৬ মিনিটে সালমান ও আনিসুলকে আদালতে নিতে ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় বের করা হয়।

বিকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢাকার মুখ মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। 

এর আগে সালমান-আনিসুলকে বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গনে পৌঁছলে চারদিক থেকে ঘিরে ধরে তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। 

এসময় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। 

রিমান্ড শুনানির জন্য এদিন আদালত প্রাঙ্গনে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়।

সালমান এফ রহমান ও আনিসুলকে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পরই হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিল ডিবি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ।

আদালতে সালমান-আনিসুল, রিমান্ডের আবেদন

ঢাকায় নিহতদের একজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান

ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌ-পথে ‘পালানোর সময়’ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানিয়েছেন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার সন্ধ্যায় হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে ঢাকার আদালতে আনা হয়। ছবি: মাহমুদ জামান অভি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার সন্ধ্যায় হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে ঢাকার আদালতে আনা হয়

ছাত্র-জনতার ওই আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

সালমান এফ রহমান ৫ অগাস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলছে।