১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালতে সালমান-আনিসুল, রিমান্ডের আবেদন

বিকালে গোয়েন্দা কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হকার শাহজাহানকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বুধবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এস আই লিয়াকত হোসেন।

নিউমার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায়, শাহজাহান মামলায় হত্যায় সালমান ও আনিসুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহানকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। 

এদিকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বিকালে আদালতে নেওয়া হয়। 

বিকাল ৫টা ৫৬ মিনিটে সালমান ও আনিসুলকে আদালতে নেওয়ার উদ্দেশ্যে ঢাকার মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় বের করা হয়।

তাদেরকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে-পেছনে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। 

এর আগে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ।

ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেছেন, নৌ-পথে ‘পালানোর সময়’ তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার এক মামলায় ‘ইন্ধনদাতা’ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানিয়েছেন।

ছাত্র-জনতার ওই আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের রূপ পাওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

সালমান এফ রহমান ৫ অগাস্ট শেখ হাসিনার সঙ্গে একই বিমানে দেশ ছাড়েন বলে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা বলছে।

আরও পড়ুন

সালমান ও আনিসুল ডিবিতেরিমান্ড চাইবে পুলিশ