০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কিউকমের সিইও রিপনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

তাকে সোমবার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:38 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

প্রতারণা করে ৩৪ গ্রাহকের এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স কোম্পানি কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও রিপন মিয়াকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রিপনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আনিসুর রহমান মোড়ল। আদালত তাকে কারাগারে পাঠিয়ে বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। 

এদিন আজ শুনানিকালে রিপনকে আদালতে হাজির করা হয়। তার তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

এর আগে সোমবার রাত ১২টার দিকে খিলক্ষেত থেকে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।

‘প্রতারণা’ করে ৩৪ গ্রাহকের এক কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা ‘আত্মসাতের’ অভিযোগে সুজন মিয়া নামে এক ব্যক্তি বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তারা ৩৪ জন বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য কেনার জন্য কিউকমে টাকা দেন।

শর্ত অনুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে বাইক দেওয়ার কথা থাকলেও তা দেয়নি ওই ই-কমার্স কোম্পানি। গ্রাহকদের টাকাও ফেরত দেয়নি। তাদের অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।

এ মামলায় কিউকমের জিএম মোহাম্মদ আমানউল্লাহ খান গত ১১ অগাস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আগের খবর:

কিউকম সিইও রিপন কারাগারে, রিমান্ড শুনানি বুধবার

কিউকম সিইও রিপন মিয়া গ্রেপ্তার

কিউকমের 'প্রতারণা', আরজে নীরব গ্রেপ্তার

৫৯ কোটি টাকা ফেরত পাওয়ার পথে কিউকম গ্রাহক