Published : 17 Sep 2026, 08:01 PM
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবিব বাপ্পীর আদালতে বৃহস্পতিবার জামিনের শুনানির পর তাকে জামিন দেওয়া হয়।
এ আদালতের বেঞ্চ সহকারী ইসমাঈল হোসেন পরে এ তথ্য দেন।
এ বছর কোরবানি ঈদের সরকারি ছুটি শুরু হয় ২৫ মে। সাত দিনের ছুটি শেষে ১ জুন অফিস খোলার পর সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান, প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোনের সংযোগ নেই। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।
পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা এসে কয়েক ঘণ্টা পর সংযোগ পুনরুদ্ধার করেন।
এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে ১ জুন শাহবাগ থানায় জিডি করেন। এতে বলা হয়, সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবন থেকে নতুন এক নম্বর ভবন পর্যন্ত টেলিযোগাযোগের কপার কেবল ছিল। এই কেবলের মাধ্যমেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোন নম্বরসহ অন্য গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল রাখা হয়েছিল।
জিডিতে বলা হয়, ভবনের ছাদে কপার কেবল কে বা কারা কেটে নিয়ে যান। ফলে ওই লাল টেলিফোন নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।
পরে কয়েকজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। এতে রঞ্জন চন্দ্র ও যে ভাঙ্গারি ব্যবসায়ী তার কিনেছেন, সেই রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তাদের আদালতে তোলা হলে ৫ জুন পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আছেন তারা।