১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরণে দগ্ধ, হাসপাতালে প্রসব, মা ছেলে আইসিইউতে

ত্রিশ শতাংশ দগ্ধ শরীর নিয়ে কুলসুমকে গাইনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সোমবার বেলা ১১টার দিকে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

বিস্ফোরণে দগ্ধ, হাসপাতালে প্রসব, মা ছেলে আইসিইউতে

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 02:39 PM

Updated : 13 Mar 2023, 02:39 PM

নারায়ণগঞ্জের মাসদাইরে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে আসা নারী জন্ম দিলেন ছেলে সন্তান।

মা ও সন্তান-কারো অবস্থাই ভালো নয়। তাদেরকে নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিস্ফোরণে দগ্ধ হন অন্তঃসত্ত্বা কুলসুম বেগম ও তার তিন বছরের ছেলে। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এই ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ৩০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে কুলসুমকে গাইনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার বেলা ১১ টার দিকে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

নবজাতক শিশুটিকে এনআইএসইউতে ও কুলসুমকে আইসিইউতে নেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে ১০তলা ভবনের ষষ্ঠতলায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন কুলসুম বেগম ও তার তিন বছর বয়সী ছেলে খালিদ।

ঘটনার সময় গৃহকর্তা মো. মাসুদ ছিলেন বাসার বাইরে। তিনি জানান, বিস্ফোরণের শব্দ শুনে ওই ফ্ল্যাটে গিয়ে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলম হোসেন জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিস্ফোরণে ঘরের জানালার কাচ ভেঙে গেছে বলে জানান তিনি।

লিকেজের কারণে ঘরে জমা হওয়া গ্যাস থেকে এই বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।