১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুদক গঠনে ‘সার্চ কমিটি’ বাতিল চায় নাগরিক কমিটি

“সংস্কার কমিশনের কার্যক্রম চলার মধ্যেই দুদক গঠনে সার্চ কমিটি গঠন করা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী ও একটি অনভিপ্রেত পদক্ষেপ,” বলেন নাগরিক কমিটির মুখপাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 06:30 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার খুঁজতে গঠিত ‘সার্চ কমিটি’ বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন, “দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কার্যক্রম চলার মধ্যেই দুদক গঠনে ‘সার্চ কমিটি’ গঠন করা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী ও একটি অনভিপ্রেত পদক্ষেপ বলে জাতীয় নাগরিক কমিটি মনে করে।”

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের যাত্রায় গত ৩ অক্টোবর গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, যার নেতৃত্বে রয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ড. ইফতেখারুজ্জামান।

এই সংস্কার কমিশনের কার্যক্রম এখনও শেষ হয়নি। এর মধ্যেই গত ১০ নভেম্বর দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ দিতে পাঁচ সদস্যের বাছাই (সার্চ) কমিটি করে সরকার।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে এই কমিটির সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার নাগরিক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “ইফতেখারুজ্জামানসহ সংস্কার কমিশনের সব সদস্য প্রত্যেকেই বাংলাদেশের দুর্নীতি বিষয়ে বিশেষজ্ঞ। এই কমিশনের কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করে তারা নিজেদের রিপোর্ট জমা দেবেন।

“অতীতে অবসরপ্রাপ্ত আমলা ও বিচারপতিদের নেতৃত্বে গঠিত প্রতিটি দুর্নীতি দমন কমিশন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই অভিজ্ঞতা থাকার পরও নতুন করে কোনো প্রকার সংস্কার ব্যতীত দুর্নীতি দমন কমিশন গঠনের উদ্যোগ আমাদের কাছে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কোনো পর্যায়ে কোনোভাবেই অংশগ্রহণ না করা একদল বেসামরিক আমলার স্বার্থ চরিতার্থ করার জন্য গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ তাদের জীবন ও আত্মস্বার্থ বিসর্জন করেননি।”

দুদক গঠনে ‘সার্চ কমিটি’ বাতিলের দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইফতেখারুজ্জামানের নেতৃত্বে গঠিত দুদক সংস্কার কমিশনের প্রস্তাব মূল্যায়নের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে দুদকের চেয়ারম্যানসহ অপরাপর কমিশনার নিয়োগ দিতে হবে। অন্যথায়, সংস্কারের আগে গঠিত দুর্নীতি দমন কমিশন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছি।”

আরও পড়ুন-

দুদক চেয়ারম্যান-কমিশনার খুঁজতে কমিটি, সদস্য হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব