২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার সংস্কার নিয়ে অংশীজনদের পরামর্শ সভা

সভায় ৬০টির বেশি সংস্থা যৌথভাবে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতামত তুলে ধরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 01:23 AM

Updated : 26 Aug 2026, 11:39 AM

স্থানীয় সরকার সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে এ বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে পরামর্শ সভা হয়েছে। 

গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) এই সভা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সহযোগী সংস্থা ও নেটওয়ার্কসমূহকে নিয়ে ওয়াটারএইড বাংলাদেশ এবং এনআইএলজি যৌথভাবে এই সভা আয়োজন করে।

সভায় ৬০টির বেশি সংস্থা যৌথভাবে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে তাদের মতামত তুলে ধরে।

সভায় সরকারি-বেসরকারি ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী এবং কার্যকরী করার নানা প্রস্তাব দেন।

পরামর্শ সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকের সভার সুপারিশ ও পরামর্শগুলো ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কারে শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হবে।”

তিনি সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার সময় উপস্থাপন করা সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। 

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে (এলজিআই) স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষমতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সংস্কার প্রক্রিয়ায় নারীদের ক্ষমতায়নসহ স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। 

স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাসময়ে নির্বাচন না হওয়ার কারণে যে চ্যালেঞ্জগুলো সম্মুখীন হচ্ছে, তা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক মর্যাদা বজায় রাখতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের আরেক সদস্য ফেরদৌস আরফিনা ওসমান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।