১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্যামবাজারে ব্যবসায়ী সমিতির নেতাকে গুলি করে হত্যা

“নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে যান,” বলেন ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে তাকে গুলি করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন।

নিহত আব্দুর রহমানকে (৫৫) শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি হলুদ-মরিচের ব্যবসা করতেন।

হত্যাকাণ্ডে নয়ন নামে শ্যামবাজারেরই এক ব্যবসায়ী ‘জড়িত’ বলে নিহতের স্বজনরা দাবি করছেন।

ওসি বলেন, “নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে যান। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

নিহতের শ্যালক মো. ওয়াসিম বলেন, “মার্কেট নিয়ে ঝামেলা চলছিল। কাল (বুধবার) রাতেও তাকে (আব্দুর রহমানকে) কেউ হুমকি দিয়েছিল।

“দুপুর বেলা (বৃহস্পতিবার) তিনি যখন দোকানে যাচ্ছিলেন, তখন একই মার্কেটের ব্যবসায়ী নয়ন তাকে ডেকে বলে ‘কই যান’। এরপর তার ঘাড়ে হাত দিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।”

পরে আব্দুর রহমানকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।