স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ: সাজা কমে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড
স্বামীর মৃত্যুদণ্ড হয় বিচারিক আদালতে; আপিলেও তা বহাল থাকে। পুনর্বিবেচনায় সাজা কমলো।
সিরাজগঞ্জে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডের রায়ে আসামির রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
২০২১ সালের ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আক্রান্তের স্বামী মো. আকবর আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগ। পরে রিভিউ আবেদন করেন আসামি।
মামলার নথি থেকে জানা যায়, সৌদি আরব থেকে এসে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর আকবর আলীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর আকবর আলী ফের সৌদি আরব চলে যান। এর কয়েকমাস পর দেশে ফিরে স্ত্রীকে সৌদি আরব নিয়ে যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রী ও দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে স্ত্রীর গায়ে আকবর আলী অ্যাসিড ঢেলে দেন।
আহত ওই গৃহবধূ প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পরদিন ১৯ ফেব্রুয়ারি ওই গৃহবধূর বাবা শাহজাদপুর থানায় মামলা করেন।
মামলার বেশ কিছুদিন পর ২০০৯ সালে আসামি আকবর আলী আত্মসমর্পণ করেন। পরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত বিচার শেষে ২০০৯ সালের ২৩ অগাস্ট অ্যাসিড অপরাধ দমন আইনে আকবর আলীকে মৃত্যুদণ্ড দেন।
বিচারিক আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামির আপিল শুনানি শেষে হাই কোর্ট ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর আকবর আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে।
এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি আসামি আপিল বিভাগে আপিল করেন। পরে সেই আপিল খারিজ হয়ে যায়। ফলে মৃত্যুদণ্ড ব্হাল থাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এরপর আসামি রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন।
