১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার: তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে সিদ্ধান্ত

এর আগে শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগিরই নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 02:07 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের অস্থায়ী প্রবেশ পাস বাতিল সাময়িক উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান এক বার্তায় এ তথ্য জানান। 

গত বুধবারের বড় ধরনের অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয়ের ‘নিরাপত্তার স্বার্থে’ সাংবাদিকদের সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিলের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পাস বাতিল হয়েছে, তারা ১৫ দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের বিশেষ সেলের মাধ্যমে অস্থায়ী প্রবেশ পাসের আবেদন করতে পারবেন।

এরপর শনিবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়, শিগগিরই নতুন আবেদন নিয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে। 

গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে এর নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। 

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন নিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ১০ ঘণ্টা পর তা নেভানো সম্ভব হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায়।

দশতলা ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।

সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড শিগগিরই: প্রধান উপদেষ্টার দপ্তর