২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে মুখর বইমেলা, চলছে বই নেড়েচেড়ে দেখা

“এখনও মেলা থেকে কোনো বই কিনিনি। এখন দেখছি। শেষ দিকে কেনার ইচ্ছা আছে,” বলেছেন এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 12:53 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

বিকাল হলেই জমে উঠছে মেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ লেখক ও বইপ্রেমীদের আড্ডা সন্ধ্যার দিকে আরো মুখর হয়ে ওঠে।

এবার ভিন্ন প্রেক্ষাপটে অমর একুশে বইমেলা ঘিরে তারুণ্যের আবেগও ফুটে উঠছে।

তবে মঙ্গলবার অমর একুশে বইমেলার চতুর্থ দিনে স্টল নিয়ে বসা প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা বলছেন, বেচাকেনা জমে উঠেনি এখনো। 

এদিন মেলায় ৪৭টি নতুন বই এসেছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বইপ্রেমীদের ভিড়, বই বিক্রি কম

চতুর্থ দিনে মেলায় দশনার্থীর সরব উপস্থিতি থাকলেও এখনও বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনীর স্টলে দায়িত্বরত বিক্রয়কর্মীরা। অন্যরকম প্রকাশনীর স্টলে দায়িত্বরত বিক্রয়কর্মী মো. শিমুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুর এ সময়ে এখনো বিক্রি শুরু হয়নি। পাঠক আসছেন দেখছেন, আর আমরাও কিছুটা গোছগাছ করছি।” 

মা সেরা প্রকাশনীর স্টলের বিক্রয় প্রতিনিধি অন্নপূর্ণা মুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শনার্থীরা আসছেন, বই নেড়ে চেড়ে দেখছেন। এখনো তেমন বিক্রি শুরু হয়নি। আশা করছি কিছুদিনের মধ্যে বিক্রি শুরু হবে।”

এদিন মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ জাওয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও মেলা থেকে কোনো বই কিনিনি। এখন দেখছি। শেষ দিকে কেনার ইচ্ছা আছে।” 

এদিকে স্টল বরাদ্দ পেলেও আসেনি পার্ল পাবলিকেশন্স। 

‘ক্ষোভ’ থেকেই পার্ল পাবলিকেশন্স স্বেচ্ছায় এবারের বইমেলায় অংশ নেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হাসান জাহিদ। 

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রকাশকের তিনটি পক্ষ হয়েছে। তাদের কেউ কেউ বলতে চাচ্ছে আমরা স্বৈরাচারের সুবিধাভোগী। প্রতিবছর প্যাভিলিয়ন বরাদ্দ পেলেও এবার তাই বাংলা একাডেমি আমাদের শাস্তি হিসেবে স্টল বরাদ্দ দেয়। কিন্তু এ শাস্তির আগে তারা আমাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি, তাই এবারের মেলায় অংশ নিচ্ছি না।” 

অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, তাম্রলিপি, চারুলিপি, জিনিয়াস পাবলিকেশন্স, বিশ্বসাহিত্য ভবন, শব্দশৈলী, পুঁথিনিলয়, মিজান পাবলিশার্স, অন্বেষা প্রকাশন, অনিন্দ্য প্রকাশ, কাকলী প্রকাশনী, সময় প্রকাশন, নালন্দা ও পার্ল পাবলিকেশন্স গতবছরের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পেলেও এবার প্রথমে স্টল বরাদ্দ দেওয়া হয়। 

কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, পাঠক সমাবেশ, সময় প্রকাশন, পুঁথিনিলয়, কাকলী প্রকাশনী, নালন্দাকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। 

জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকাশকসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি স্টলে বিষয়ে সম্পূর্ণ গণতান্দ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। তাই প্যাভিলিয়নের বদলে স্টল বরাদ্দ পাওয়ায় বইমেলা বয়কট নিয়ে আমার কোন মন্তব্য নেই। 

“মেলায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আমরা সচেষ্ট আছি। ভয় পেয়ে কেউ মেলায় অংশ না নিলে সে বিষয়েও আমরা বলার কিছু নেই।” 

২০২৩ সালের বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি আদালতে গড়ালেও শেষ পর্যন্ত ওই বইমেলায় অংশ নেওয়া হয়নি প্রকাশনা প্রতিষ্ঠানটির।  

চতুর্থ দিনে ৪৭টি নতুন বই 

বইমেলার চতুর্থ দিনে ৪৭টি নতুন বই এসেছে বলে জানিয়েছে আয়োজক বাংলা একাডেমির। একাডেমির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চতুর্থ দিনে ১০টি গল্পের, পাঁচটি উপন্যাসের, দুইটি প্রবন্ধের, ১০টি কবিতার, পাঁচটি গবেষণাধর্মী, তিনটি ছড়ার, একটি শিশুসাহিত্যের, তিনটি জীবনী নির্ভর, তিনটি ইতিহাসের, একটি সায়েন্স ফিকশন, দুটি নাটক ও অন্যান্য ক্যাটাগরির দুটি বই এসেছে। 

মেলা থেকে বই কিনবেন না উমামা ফাতেমা 

মঙ্গলবার বিকালে মেলায় দেখা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, “আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়েই মেলা, প্রতিদিন একবার টিএসসিতে আসা হয়, চেষ্টা করি মেলা ঘুরে যাওয়ার। 

“এবার বইমেলা থেকে এখনও কোন বই কিনিনি। শপথ করেছি এবার বইমেলা থেকে বই কিনবো না। আমরা কাছে দুই-তিনশ বই জমেছে যেগুলো এখনো পড়া হয়নি। তাই এ বছর বই কিনবো না।”

ফিকশন ও ননফিকশন পড়তে ভালোবাসেন বলেও জানান তিনি।  

আলোচনা: ‘কুমুদিনী হাজং: জুইলৗ তারা, তারালা জুই’

এদিন বইমেলার মূলমঞ্চে ‘কুমুদিনী হাজং: জুইলৗ তারা, তারালা জুই’ শীর্ষক আলোচনা হয়েছে। প্রবন্ধ উপস্থাপন করেন পাভেল পার্থ। আলোচনা করেন মতিলাল হাজং ও পরাগ রিছিল। সভাপতিত্ব করেন আবু সাঈদ খান।  

প্রাবন্ধিক পাভেল পার্থ বলেন, “ঔপনিবেশিক জুলুমবিরোধী কৃষক আন্দোলনের এক সংগ্রামী নেত্রী কুমুদিনী হাজং। তিনি ঔপনিবেশিক শাসন, বৈষম্য, সার্বভৌমত্ব, আত্মপরিচয়, ন্যায্য মজুরি, কৃষি, ভূমি, অরণ্য কিংবা সমাজ রূপান্তরের প্রশ্নগুলো জারি রেখে লড়াই চালিয়ে গেছেন। 

“কুমুদিনী হাজং ঔপনিবেশিক জুলুম, যুদ্ধ, মহামারি, দাঙ্গা, দখল, লুণ্ঠন, পরিবেশ-গণহত্যা ও কর্তৃত্ববাদী ইতিহাসের সাক্ষী। চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে ব্রিটিশ জুলুম, জাতিরাষ্ট্রিক জাত্যাভিমানের রক্তদাগের ভেতর দিয়ে তাই কুমুদিনীকে পাঠ করা জরুরি।”

সভাপতির বক্তব্যে আবু সাঈদ খান বলেন, “রাজনৈতিক ধারার বাইরেও নানা জনবিদ্রোহ, জন-আন্দোলন আমাদের জাতীয় মুক্তিসংগ্রামকে সমৃদ্ধ ও বেগবান করেছিল। টংক আন্দোলনও ছিল সেরকমই একটি আন্দোলন যার অন্যতম সংগ্রামী নেত্রী ছিলেন কুমুদিনী হাজং। 

“একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে আমাদেরকে এদেশের সকল ধর্ম, বর্ণ ও জাতিসত্তার সংগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ভাষা সামগ্রিকভাবে ধারণ করতে হবে।”

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি আতাহার খান, কথাসাহিত্যিক পাপড়ি রহমান। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনাও ছিল এদিন।

বুধবার যা থাকছে

বাংলা একাডেমি জানিয়েছে, বুধবার বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘হোসেনউদ্দীন হোসেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করবেন শহীদ ইকবাল ও আবুল ফজল। সভাপতিত্ব করবেন মঈনুল আহসান সাবের।